কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জেলেরা হলেন হলেন মো. শাহীন (৩৫), রহিম উল্লাহ (৩৮) ও মো. আরমান (২২)। এর মধ্যে শাহীনের বাড়ি ভোলা জেলায়। বাকিরা কক্সবাজারের বাসিন্দা। গতকাল মারা যাওয়া তিনজনের মধ্যে শাহীনের ৬০ শতাংশ, রহিমের শ্বাসনালিসহ শরীরের প্রায় ৯০ ও আরমানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক। এ নিয়ে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার দগ্ধ অবস্থায় ঢাকায় নেয়ার পথে আইয়ুব আলী নামে একজন ও সোমবার চমেক হাসপাতালে ওসমান গণী নামে আরো এক জেলের মৃত্যু হয়।

গত ১ সেপ্টেম্বর সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন। এদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন দীন মোহাম্মদ, রহিম উল্লাহ, আইয়ুব আলী, শাহীন, ওসমান গনী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রহিম উল্লাহ, মইন আহমেদ ও আরমান।

ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল সকাল ৭টার দিকে শাহীন, ৯টার দিকে রহিম ও বেলা ১টার দিকে আরমানের মৃত্যু হয়েছে। কক্সবাজারের ঘটনায় মোট ১০ জনকে আনা হয়েছিল। এর মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ মুহূর্তে দুজন ওয়ার্ডে ও দুজন আইসিইউতে আছে।’