নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং অ্যাপারেলস (ফ্যাশন সিটি) লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল সকাল ১০টার দিকে নগরীর চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কারখানার শ্রমিক মঞ্জু আরার সভাপতিত্বে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসান মাহামুদ, সুলতানা আক্তার, রুহুল আমিন সোহাগ, কামাল হোসেন, আনোয়ার খান, আনোয়ার হোসেন, কারখানা শ্রমিক সীমা, আসমা, জেসমিন, তানিয়া ও বিলকিস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ বেপজা আইন অনুযায়ী ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১ মাস কারখানা লে-অফ করে। পরবর্তী সময়ে আরো ৩ মাস অবৈধভাবে বেপজা আইন লঙ্ঘন করে কারখানা বন্ধ করে রাখে। তারপর কারখানার শ্রমিকরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ৭ দফা দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করেন। আন্দোলনের ফলে বেপজা কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে শ্রমিকদের ৩৬ শতাংশ পাওনা পরিশোধ করে। শ্রমিকদের আরো ৬৪ শতাংশ বেতন পাওনা রয়েছে। এরপর ৯ মাস অতিবাহিত হওয়ার পরও বেপজা কর্তৃপক্ষ আজ পর্যন্ত ৬৪ শতাংশ বকেয়া পরিশোধ করেনি। বক্তারা আন্দোলন চলাকালে শ্রমিকদের নামে কারখানা কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার করে বকেয়া ৬৪ শতাংশ পাওনা পরিশোধ করার আহ্বান জানান।
বন্দরে তুলার গুদামে আগুন : নারায়ণগঞ্জের
বন্দর উপজেলার মনার বাড়ি এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতরা সবাই শ্রমিক। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ জানান, মায়ের দোয়া নামে একটি তুলার গুদামে আগুনের খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও ডেমরা থেকে পাঁচটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।










