বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেছেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম দেশের নদীগুলো রক্ষায় উদ্যোগ নেন। নদীগুলো খননের লক্ষ্যে ড্রেজার ক্রয় করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের নদীগুলো রক্ষায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন।

গতকাল দুপুরে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়সংলগ্ন শীতলক্ষ্যার তীরে ফলদ বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

কমোডর গোলাম সাদেক বলেন, বর্তমানে দেশে ৮০টি ড্রেজার রয়েছে। দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ চলছে। এছাড়া ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় আমরা কাজ করছি। এরই মধ্যে সীমানা পিলার স্থাপনের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি ২৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণকাজও চলমান। ২০০৯ সাল থেকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বেশকিছু স্থাপনা এখনো বাকি রয়েছে। আশা করছি আপনাদের সবার সহযোগিতায় আমরা শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদীগুলো সম্পূর্ণরূপে দখলমুক্ত রাখতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ।

শেখ মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়সংলগ্ন শীতলক্ষ্যার তীরে শতাধিক ফলদ বৃক্ষরোপণ করা হবে। এসব বৃক্ষের ফল শুধু পাখিদের জন্যই রাখা হবে। এছাড়া জাতির জনকের কর্মময় জীবন সাধারণ মানুষকে জানানোর লক্ষ্যে আমরা এ কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছি।