সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২২ বছর বয়সী এক তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, ওই তরুণ নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন । গত ১৬ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। ১৮ এপ্রিল তাকে হোম কোয়ারান্টিনে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। 

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, এই প্রথম উল্লাপাড়ায় করোনা রোগী শনাক্ত হলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।