নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনের ওপর থেকে শাবল মাথায় পড়ে জাহানারা বেগম (৫০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ৩৭নং নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং একসময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগমের নাতি শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনার শিকার হন তিনি। বহুতল ভবনের পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা আবাসিক ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম। হঠাৎ ওপর থেকে একটি শাবল তার মাথায় পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণকাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। তিনি বলেন, রাজউকের কর্মকর্তাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, সিটি করপোরেশনে ভেতরের এলাকার ভবনের নকশার অনুমোদন দেয় রাজউক। তাদেরই অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণের অনুমোদন দেয়ার দায়িত্ব সিটি করপোরেশনকে হস্তান্তরের দাবি জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের খানপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মালিকানাধীন ১০ শতাংশ জমিতে ভবনটি নির্মাণ করছে সানরাইজ হাউজিং লিমিটেড নামের একটি কোম্পানি। এ কোম্পানির মালিক মো. আমান। তার মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।