ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মরিচাকান্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- জুয়েল (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)। নিহত ফরিদ নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বণিক বার্তাকে জানান, স্পিডবোটটি ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত জুয়েল ও ফরিদকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।