ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে মামাকে খুনের অভিযোগে ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে মঙ্গলবার রাত ৩টার দিকে আলমগীর মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিহত মাহমুদ মিয়ার বাড়ি সৈয়দটুলা দক্ষিণপাড়া এলাকায়।

পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, সৈয়দটুলা গ্রামের দক্ষিণপাড়ার আলমগীর ও তার ভাই আনোয়ারের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়া হয়। খবর পেয়ে তাদের মামা মাহমুদ মিয়া মীমাংসা করতে সেখানে যান। বিবাদ মেটানোর চেষ্টা করলে একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে মামাকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় মাহমুদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান মাহমুদ।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি হত্যামামলা করা হয়েছে।