ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন সিকদার জানান, গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
এছাড়া আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে মো. সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম মিয়ার ছেলে।
তবে কোন ট্রেনে এবং কখন এ দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।










