সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে রাবেয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ বাস যাত্রী। নিহত রাবেয়া খাতুন (৭০) কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী।
আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ থেকে এইচ কে এন্টারপ্রাইজর নামের যাত্রীবাহী একটি বাস হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাবেয়া খাতুন মারা যান এবং আহত হন আরও ১০ বাস যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে।










