কক্সবাজারে পাচারকালে উদ্ধার হয়েছেন ৩২ রোহিঙ্গা। এ সময় জয়নাল (২৮) নামে এক চিহ্নিত দালালকে আটক করা হয়। গতকাল রোববার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকায় এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শিশু, ১০ জন নারী ও ৮ জন পুরুষ। মিয়ানমার থেকে পালিয়ে আসা এ রোহিঙ্গা নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পরিদর্শক মহিউল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনালের শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।