দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারালেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রত্যাহারের কথা জানানো হয়। দলের এ সিদ্ধান্তের পরও নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
চিঠিতে তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্যে বলা হয়, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গণমাধ্যমে তৈমুরকে দেয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। গত বছর ২৫ ডিসেম্বর তৈমুর আলমকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও প্রত্যাহার করা হয়। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে।
বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে প্রত্যাহার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন নাসিক নির্বাচনে হাতি প্রতীকে লড়াইয়ে নামা তৈমুর আলম। বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, দলীয় পদ থেকে আমাকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি আমি মনে করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি সময়পোযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি জনগণের তৈমুর ছিলাম-তাদের কাছেই ফিরে এসেছি।
নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা জানতে চাইলে মেয়র প্রার্থী বলেন, প্রশ্নই আসে না। ২০১১ সালে বিএনপির জন্য নিজেকে আত্মাহুতি দিয়েছি। ২০২২ সালে জনগণের জন্য জীবন উৎসর্গ করলাম। নির্বাচনের মাঠে আছি, থাকবো।










