আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় সুহিলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান খান টিটুর (ঘোড়া প্রতীক) ঘাটুরা গ্রামের নির্বাচনী অফিসটি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী টিটুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ঘটনার সত্যতা পেয়ে হামলাকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান খান টিটু (ঘোড়া) অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারকাজ চলাকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার সমর্থকদের নিয়ে ঘাটুরা গ্রামে স্থাপিত তার নির্বাচনী অফিসটি ভাংচুর করে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, নির্বাচনী প্রচারকাজে বাধা প্রদান ও অফিস ভাংচুরের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস বলেন, নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়টি স্বীকার করায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে মহসিন খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা ও পাশাপাশি তাকে সতর্ক করা হয়।










