নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। গতকাল সকালে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ভাসান মালতি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার চৌধুরীপাড়ার জালাল মালতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাসান নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় সকালে ছুরিকাহত মাটিতে পড়ে থাকাবস্থায় হাতে থাকা বাঁশিতে জোরে জোরে ফুঁ দিতে থাকেন। স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তাফা ঈমন তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভাসানের বুকে, পিঠে আঘাত করে বলে জানান স্থানীয়রা।
এসআই কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী ভাসান হত্যার ঘটনায় কাজ শুরু করেছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।










