রুপগঞ্জ সজীব গ্রুপের হাসেম ফুড এন্ড বেভারেজে আগুন লেগে ৫২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার বিকেল সোয়া পাঁচটায় পুলিশ তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করেন।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, আগুন লেগে ৫২ জনের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার করে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে রুপগঞ্জ থানা পুলিশ।
আদালতে হাসেম ফুডের মালিক আবুল হাশেমের পক্ষের আইনজীবিরা গ্রেফতারকৃত আটজনের জামিনের বিরোধীতা করেন। কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এদের জামিনের বিরোধীতা করেন।
আদালতে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, কারখানায় মালিক পক্ষের দায়িত্ব অবহেলার কারনে এ বিপুল প্রাণহানীর ঘটনা ঘটেছে। এটি দূর্ঘটনা না হত্যা। এ হত্যার জন্য এরা দায়ি। এরা কোনোভাবেই জামিন পেতে পারেনা।
আদালত আসামী পক্ষের জামিনের আবেদন না-মঞ্জুর করে আসামীদের চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার আসামীরা হচ্ছে সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডি আবুল হাসেম, আবুল হাসেমের চার ছেলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসিব বিন হাসেম (সজিব), ডিরেক্টর তারেক ইব্রাহীম (সতেজ), ডিরেক্টর তাওসিফ ইব্রাহীম (শীতল), ডিরেক্টর তানজিম ইব্রাহীম, কোম্পানীর সিও শাহান শাহ আজাদ, জি এম, ডিজিএম মামুনুর রশিদ, এডমিন সালাউদ্দিনকে।










