সেন্টমার্টিন দ্বীপ থেকে জাহাজে করে ফেরার
পথে বসার আসন নিয়ে বাদানুবাদের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের
মারধরের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার তিন নং আসামি শাকিল (২৭)-কে গতকাল বুধবার (১৫ মার্চ) গ্রেফতার করেছে
পুলিশ।
গত ১৪ মার্চ বিকেলে এমভি বে-ক্রুজ-১-এর
পর্যটকবাহী জাহাজে দুই দফায় চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় শিক্ষকসহ
১০ জন আহত হয়।
ওই দিন রাতে চবির অর্থনীতি বিভাগের শিক্ষক
আ ফ ম ফজলে রাব্বি চৌধুরী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করেন। এজাহারে নাম উল্লেখিত ৮ জনের মধ্যে লুৎফুর রহমান খোকনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
পরে থানা পুলিশ দমদমিয়া এলাকায় অভিযান
চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক
(তদন্ত) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, গ্রেফতার আসামিকে বুধবার বিকেলে কক্সবাজার
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপরাপর আসামিদের গ্রেফতার করার
জন্য অভিযান অব্যাহত রয়েছে।










