সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র আবাসিক সুবিধা। দেশে এটিই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধাসহ আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের নিচতলায় এ ব্লকে গতকাল দুপুরে চার শয্যার বিশেষ কক্ষের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করে এ কক্ষের শয্যা ও আলাদা টয়লেট গড়ে তোলা হয়েছে। কক্ষে প্রতিটি শয্যার জন্য বরাদ্দ রাখা হয়েছে একটি করে হুইলচেয়ার। তাতে বসে সহজে কক্ষে, টয়লেটে চলাফেরা ও বাইরে বের হওয়ার ব্যবস্থা আছে। টয়লেটের দেয়ালজুড়ে আছে সাপোর্টিং রেলিং। জরুরি প্রয়োজনে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে।
কক্ষটি উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘বিশেষ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাতে আবাসন ব্যবস্থা নিয়ে চিন্তায় না ভোগেন, সেজন্য আন্তর্জাতিক মানের বিশেষ কক্ষের ব্যবস্থা করেছি। এখানে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’
শাহপরান হলের প্রভোস্ট ড. মো. মিজানুর রহমান খান বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বিশেষায়িত শিক্ষার্থীদের অভিভাবকদের যেন কোনো ধরনের চিন্তা করতে না হয়, সেজন্য আমরা এ ব্যবস্থা করেছি। একটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য যেসব সুবিধা থাকা দরকার, আমরা তার ব্যবস্থা করেছি। আমরা চাই শিক্ষার্থীরা হলে থেকে তাদের পড়াশোনার পরিবেশ যেন পায়।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, হলের সহকারী প্রভোস্ট ও সহকারী অধ্যাপক কৌশিক সাহা, সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদার, সহকারী অধ্যাপক এএসএম সায়েম, সহকারী অধ্যাপক মো. সাইফুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক মো. মেহেদি হাসান নাহিদ, সহকারী অধ্যাপক অমিত কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।










