নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে আড়াইহাজার উপজেলার ধূপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সোলাইমান, তার স্ত্রী রীমা আক্তার, তাদের দুই সন্তান মাহিদ ও আরশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সোলাইমানের চাচাতো ভাই ইউনুস জানান, তাদের একতলা বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ভোরে বিকট শব্দ হয়, এর পরই আগুন লাগে। তারা ধারণা করছেন, কোনোভাবে গ্যাস জমে সেখান থেকেই আগুন লেগেছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, ধূপতারা এলাকার একটি বাড়িতে আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারে চারজন।