বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরো সহজলভ্য করার লক্ষ্যে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি রাজধানীর মাদানী এভিনিউতে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় ‘দ্য ১০০ কিলোমিটার ওয়াকিং চ্যালেঞ্জ’ শীর্ষক ইভেন্টের মাধ্যমে। এ সময় রোগী ও স্বজনদের জন্য কার্ডিয়াক হেলথ চেকআপ এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেতন করা হয়।
হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্টরা। এতে অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) উপপরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. হাসিনা বানু।
ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ‘ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি দেশে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে।’ এতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ও সংশ্লিষ্ট ব্যয় কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে ডা. হাসিনা বানু বলেন, ‘বাংলাদেশে হৃদরোগে আক্রান্তদের অনেকেই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন। পরবর্তী প্রজন্মকে হৃদরোগের ঝুঁকি থেকে সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন।’
অনুষ্ঠানে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম মোহসেন জানান, মানুষ যাতে দেশেই উন্নত কার্ডিয়াক চিকিৎসা পান, সে লক্ষ্যেই হাসপাতালটি কাজ করছে।
এছাড়া বুধবার ‘সেলিব্রেটিং লাইফ, কেয়ার অ্যান্ড রিকভারি’ শীর্ষক আয়োজনে হাসপাতালটিতে চিকিৎসা নেয়া রোগীরা তাদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মণ উপস্থিত ছিলেন।










