নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাহাবুদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাংচুর করে। গতকাল সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধার ছেলে রাগিব আহসান জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবার রাজধানী ঢাকায় বসবাস করে আসছে। গতকাল সকালে বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে স্থানীয় জাহিদুল হক রানার নেতৃত্বে একদল লোক তাদের জমি আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বাউন্ডারি দেয়াল, বসতঘর ও গেট ভেঙে ফেলে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










