ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জ্বালানি তেলবাহী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৭ ঘণ্টা পর বিকাল পৌনে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ট্রেনের চালক জালাল আহমেদ জানান, বেলা ১১টায় মুকন্দপুর স্টেশন অতিক্রমের কিছুক্ষণ পর দেখেন, ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। পরে পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করান তিনি। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।
এদিকে দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা আখাউড়া স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শাহজীবাজার স্টেশনে আটকা পড়ে। এতে দুটি ট্রেনের হাজারও যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
মুকন্দপুর স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।










