আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয়সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। গতকাল বিকালে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাসনিম জারা। পোস্টে তিনি বলেন, ‘পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য। অনেকে কনকনে শীতের সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সঙ্গে থেকেছেন। নিজে স্বাক্ষর করেছেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছেন। ছোট ছোট টিম ফর্ম (দল গঠন) করে নিজেদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে ১০-২০-৪০টা করে স্বাক্ষর নিয়ে এসেছেন। এ অগাধ ভালোবাসা ছাড়া মনোনয়নপত্র জমা দেয়া কখনো সম্ভব হতো না। মনে হচ্ছে, সত্যি জনগণের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারলাম।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পর দলের যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনে এনসিপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া চিকিৎসক তাসনিম জারা পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন। এজন্য তার প্রয়োজন হয় নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর। সংখ্যাটি দাঁড়ায় ৪ হাজার ৬৯৩। এনসিপি থেকে পদত্যাগ করে রোববার সকালে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাসনিম জারা।










