সিরাজগঞ্জে আলুভর্তি একটি ট্রাক ও কনটেনারবাহী একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরু-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, আলু পরিবহনকারী ট্রাকটির চালক রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে জামিরুল ইসলাম (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনব্বী জানান, ঢাকা থেকে কনটেইনার বহনকারী একটি ট্রেলারের সাথে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, তাদেও মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দু’ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত যান দু’টি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।










