যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গতকাল আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম। ঘণ্টাব্যাপী এ অভিযানে দুদক কর্মকর্তারা এ অফিসের বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন।

দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বলেন, ‘পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা গতকাল অফিসটি পরিদর্শন করেছি। সেখানকার সেবাগ্রহীতাদের সঙ্গে কথা হয়েছে। পরে আমরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গেও কথা বলেছি। এ নিয়ে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব।’

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘গতকাল দুদকের একটি টিম আমাদের অফিস পরিদর্শন করেছে। সেখানে তারা কোনো অভিযোগ খুঁজে পাননি। আমাদের অফিসে প্রতিদিন ৬০০ আবেদন জমা পড়ে। লোকবল সংকট রয়েছে। তার মধ্যেও আমরা সবাইকে সেবা দেয়ার চেষ্টা করছি।’