বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজ আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। এটার জন্য বহু ত্যাগ স্বীকার করা হয়েছে, এটা বৃথা যেতে দিতে পারি না।’
গতকাল দুপুরে চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘এখান থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তাদের প্রতি অন্যায়-অবিচার করা হবে। সুতরাং সবাইকে জনগণের ওপর আস্থা রাখতে হবে। তাদের ওপর আস্থা রেখে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সরকার করবে, যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’
শুরুতে আমীর খসরুকে চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেয়া হলেও পরে তা পাল্টে চট্টগ্রাম-১১ আসনে দেয়া হয়। এ আসনে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
চট্টগ্রাম নগরীর বন্দর ও পতেঙ্গা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ২৭৮। তার মধ্যে ২ লাখ ৫২ হাজার ৩৩২ পুরুষ ও ২ লাখ ৪২ হাজার ৯৪৩ জন নারী।










