নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল ২২ নং ওয়ার্ডে প্রচারণাকালে সংসদ সদস্য শামীম ওসমানের ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ ও খুনিকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জের স্থানীয় নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জের জনগণ কখনো গ্রহণ করেনি, করবেও না।

শামীম ওসমানকে গডফাদার বলা প্রসঙ্গে আইভী বলেন, শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দিইনি। এটা তার ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জই নয়, সারা বাংলাদেশের মানুষ এটা জানেন। শামীম ওসমানের সমর্থন পাবেন কিনা এমন প্রশ্নের মুখে তিনি বলেন, তিনি (শামীম ওসমান) দিলে দেবে, না দিলে না দেবে। আমি বড় ভাইকে (শামীম ওসমান) সম্মান দেখিয়ে বহুবারই চেষ্টা করে এসেছি। তিনি যদি তার দায়িত্ব না বোঝেন তবে কিছু করার নেই। জনগণ যে রায় দেবে, সেটাই রায়।

আইভী আরো বলেন, প্রধানমন্ত্রী জানেন নারায়ণগঞ্জের জনগণ আমার পাশে আছেন। সে  কী করল, না করল তাতে কিছু যায় আসে না।

অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন শামীম ওসমান। বিষয়টি অস্বীকার করে তৈমুর বললেন, শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের হয়ে আমাকে নির্বাচনে অভিনয়ে নামতে হবে না। গত ৫০ বছর রাজনীতি করতে গিয়ে তৈমুরের ভিত অনেক শক্ত ও মজবুত। সরকারি দলের নেতাদের বিভেদ-বিভাজনই নারায়ণগঞ্জের উন্নয়নের প্রধান অন্তরায়।

গতকাল নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তৈমুর বলেন, নৌকার প্রার্থী ১৮ বছর ধরে মেয়রের দায়িত্বে আছেন। তিনি জনগণকে দুর্ভোগ ছাড়া কিছুই দিতে পারেননি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তৈমুর বলেন, সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে রাষ্ট্রযন্ত্র কাজ করছে। তিনি শুরু থেকেই সেই সুবিধা নিয়ে আচরণবিধি ভঙ্গ করছেন। পদত্যাগী হওয়া সত্ত্বেও দেহরক্ষী, পিএসসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন।