ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করছে বখাটেরা। গতকাল সোমবার রাতে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। তিনি জানান, স্থানীয় বখাটে প্রদীপ (২০), রাফি (২১) এবং শিমুল (২০) একটি মেয়েকে প্রায়ই উত্যক্ত করত। সোমবার সন্ধ্যায় রাফি ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এ নিয়ে বখাটেদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রাফিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।