বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক জ্যেষ্ঠ
নেতাদের জামিন বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, ‘আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত
নিচ্ছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার বা সরকারের কোনো মন্ত্রণালয় আদলতের
মামলা হওয়া বা চলাকালীন কোনো বিষয়েই হস্তক্ষেপ করেন না।’
আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কাছ
থেকে শুনেছি যে, হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যতয় ঘটেছে সেজন্য
তিনি আপিল বিভাগে গেছেন।’
ব্রাহ্মণবাড়িয়ার বিচারাঙ্গনে চলমান অস্থিরতার
বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ
আচরণের কথা শুনেছি। এখন কথা হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন। প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া
জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবং অন্যান্য বিজ্ঞ বিচারকগণ তার কাছে কমপ্লিন করেছেন,
ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল,
সেটা আমি শুনেছি। সেই প্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারাধীন
ব্যাপার। আদালত বিচার করবেন।’
পরে কসবা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক
সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনিসুল হক।










