কোনো ধরনের নোটিস ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনরায় গ্যাস সংযোগের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈধ গ্রাহকরা তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।

এ সময় গ্রাহকরা জানান, তারা রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাঁপাড়া, কৃষ্ণনগর, দক্ষিণবাজার, পূর্বপাড়া, কাঞ্চন দাসপাড়া, উত্তরপাড়া, নাথপাড়া, হাজীপাড়া, কালাদি, ত্রিশকাহনিয়া, বন্দর ও সোনারগাঁ উপজেলার বন্দর, দেওয়ানবাগ, ছোটবাগ, কলাবাড়ি, কাশিপুর, বরবাড়ি, মিয়াবাড়ি, ভুইয়া বাড়ি, চানপুর এলাকা থেকে এসেছেন। এসব এলাকায় প্রায় তিন হাজার বৈধ গ্যাস সংযোগ রয়েছে। সবাই রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁ শাখার গ্রাহক। তারা সরকারের নিয়মানুযায়ী জামানত জমা দিয়ে আবাসিক গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছেন। সংযোগের পর থেকে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছেন।

এদিকে গত ১৫ মে থেকে পর্যায়ক্রমে কোনো ধরনের নোটিস ছাড়াই তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৈধ গ্রাহকদের আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এসব গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। এখন গ্রাহকরা মাটির চুলা, কেউবা টিন দিয়ে বানানো চুলায় রান্না-বান্না করছেন। আবার কেউ কেউ খাবার হোটেলগুলো থেকে খাবার এনে দিন পার করছেন।

কোনো ধরনের নোটিস ও ঘোষণা ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনরায় গ্যাস সংযোগের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে গ্রাহকরা বাধ্য হয়ে যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁ শাখা অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গ্যাস সংযোগ দ্রুত না দিলে গ্রাহকরা ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। পরে তিতাস কর্মকর্তারা বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়ার আশ্বাস দিলে ঘেরা ও বিক্ষোভ কর্মসূচি বন্ধ করে গ্রাহকরা চলে যান।

বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভা এলাকার রিয়াজ হোসেন, দেওয়ান ছাত্তার, সাইফুল ইসলাম, আবুল হোসেন, সাইদুর রহমান, অ্যাডভোকেট দুলাল, আজাহান মোল্লা, মদনপুর এলাকার মাওলানা হারুন অর রশিদ, একই এলাকার সেলিনা বেগম, কাশিপুর এলাকার হাফেজ মিয়াসহ আরো অনেকে।

এ বিষয়ে তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, বৈধ গ্রাহকদের মধ্যে অনেকে নিয়মিত বিল পরিশোধ করছেন না। এমনকি অনেক গ্রাহকের কাছে বিপুল পরিমাণ বিল পাওনা রয়েছে তিতাসের। আবার কোনো কোনো এলাকায় বৈধ গ্রাহকের চেয়ে অবৈধ গ্রাহকের সংখ্যা বেশি রয়েছে। এ কারণে তিতাসের প্রধান কার্যালয় থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তার পরও গ্রাহকদের কথা চিন্তা করে তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় গ্যাস সংযোগ দেয়ার ব্যবস্থা করব।