বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ ও আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮ এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কক্সবাজারের রামু সেনানিবাসে। আজ মঙ্গলবারের (৬ ডিসেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাঁজোয়া কোরের একটি ক্যাভালরিতে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টের এডহক এসএএম রেজিমেন্ট আর্টিলারিতে কিউডব্লিউ ১৮ এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে ইউনিট দুটির সব সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছেন। সেই উন্নয়নের পথ ধরেই আজকের এই অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান আয়োজিত হয় এবং একই সঙ্গে বাস্তবায়িত হলো সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর আরেকটি ধাপ।