ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে মিউনিখে জার্মানিকে সেমিফাইনালে ২-১ ব্যবধানে পরাজিত করে নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ৬৮ মিনিটে রেনাালদোর গোলে পর্তুগিজদের জয় নিশ্চিত হয়। এটি রোনালদোর রেকর্ড ১৩৭তম আন্তর্জাতিক গোল। ৪০ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারেও এটি জার্মানির বিপক্ষে প্রথম জয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ফ্লোরিয়ান রিটজ বিরতির তিন মিনিট পর দারুণ এক গোলে স্বাগতিক জার্মানিকে এগিয়ে দেন। ৬৩ মিনিটে ফ্রান্সিসকো কনসেইকাও ৩৫ মিটার থেকে দৌড়ে গিয়ে একক প্রচেষ্টায় পর্তুগালকে সমতায় ফেরান। ৬৮ মিনিটে নুনো মেনডেসের অ্যাসিস্টে রোনালদো পর্তুগালকে জয় উপহার দেন। এর আগে দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন রোনালদো।
২০১৯ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত নেশন্স লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল। রোববার একই ভেন্যুতে ফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার অপর সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে রোনালদোর দল।










