বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তত এ কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন।’
গতকাল দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা আমরা করি।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘এর মধ্যেই দেখা যাচ্ছে কিছুসংখ্যক ব্যক্তি ও মহল এ পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে। আজ আবারো আমি সে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি।’
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরো সচেতন ও ইতিবাচক এবং কার্যকর ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি, তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সেদিকে মনোযোগ দেবেন।’










