চট্টগ্রাম নগরীর চকবাজার থানার বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় প্রাইভেট কারকে ধাওয়া দিয়ে ব্রাশফায়ার করে জোড়া খুনের ঘটনায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে বাকলিয়া থানায় খুন হওয়া বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিরা হলেন সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (২৭), মোহাম্মদ হাছান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে আসামিরা গুলি করে মানিক ও আবদুল্লাহকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ জড়িত। সে কারণে তাকে প্রধান আসামি করা হয়েছে। অন্য ছয়জন এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। গত ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় একটি প্রাইভেট কারে ব্রাশফায়ার করে দুজনকে হত্যা করা হয়। এ সময় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামের দুজন নিহত হন। নিহত দুজন ছোট সাজ্জাদকে গ্রেফতারে সহায়তা করেছিল বলে ধারণা করা হয়।