পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে কক্সবাজার সমুদ্রসৈকতে গতকাল সকালে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজন করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সামাজিক-মানবিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।
জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা শিক্ষা, যুব উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। করোনা মহামারীর সময় অসহায়, দুস্থ ও অসুস্থ বহু মানুষকে খাদ্য, চিকিৎসা সহায়তা করেছে সংগঠনটি।
জ্ঞানের আলো পাঠাগারের ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম গতকাল কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটকদের উদ্বুদ্ধ করতে শোভাযাত্রা বের করে। এটি সমুদ্রের কূলঘেঁষে কলাতলী পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর তারা পাঠচক্রে অংশ নেন। এ সময় সৈকতে ঘুরতে আসা পর্যটকরা ব্যতিক্রমী এ আয়োজনের জন্য জ্ঞানের আলো পাঠাগারের সদস্যদের সাধুবাদ জানান।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন, ‘মানুষ বই পড়েই নিজেকে জানতে ও জীবনকে আলোকিত করতে পারে। একটি ভালো বই মানুষকে বদলে দিতে পারে। সে লক্ষ্যে আমরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কক্সবাজারে এসে পর্যটকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে শোভাযাত্রা ও পাঠচক্রের আয়োজন করেছি।’










