বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা হামলা মামলা উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তী সরকার রূপরেখা ঘোষণা করেছে। দলমত, ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সবার সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।’
ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য সমন্বিত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি দেশী-বিদেশী প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো হবে। নারী উদ্যোক্তাদের সুবিধা বৃদ্ধিসহ চাকরি সহজীকরণ করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










