হবিগঞ্জের লাখাইয়ে খাসজমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গতকাল দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলীর মধ্যে একটি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।










