আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যত দিন পর্যন্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্র্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। যে কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য গণ্ডগোল লাগিয়েছিল, সেটি জনগণ গ্রহণ করেনি। ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮০টি মণ্ডপে দুর্গা পূজা হয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি।

গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেয়া উপহারের দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কখনই সাম্প্র্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বঙ্গবন্ধু যে সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় এবং আজীবন বন্ধু।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাসুদ বিন মোমেন।