রাজধানীতে তিনটি পৃথক হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ সোমবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের কারাগার থেকে হাজির করে পুলিশ।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা মমতাজসহ বাকিদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক পার্থ ভদ্র আবেদনের পক্ষে রায় দেন ও তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মমতাজ বেগমকে রাজধানীর কোতয়ালী থানার তাঁতীবাজার মোড়ে শাওন মুফতি হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাওন মুফতি আন্দোলনে অংশ নেন। রাত সাড়ে ১১টার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাওনের মা মাকসুদা বেগম গত ২৮ মে কোতয়ালী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

অন্যদিকে, ধানমণ্ডি থানার কিশোর শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ও যাত্রাবাড়ী থানার মাইনুদ্দিন হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

আদালতের নির্দেশে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।