চট্টগ্রামে গুলি করে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হয়েছেন আরো দুজন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আব্দুল্লাহ ও প্রাইভেটকার চালক মানিক। এদিকে রবিন নামে একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এছাড়া হৃদয় নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত দুজন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতারে সহায়তা করেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারকে পেছন থেকে নগরীর বাকলিয়ায় নতুন ব্রিজের ওপর থেকে ধাওয়া করে চার-পাঁচটি মোটরসাইকেল। পেছন থেকে একাধিকবার প্রাইভেটকার লক্ষ্য করে ও ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাইভেটকার থেকেও পিস্তল নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা।

পরে নগরীর চকবাজার থানার বাকলিয়া অ্যাকসেস রোড চন্দনপুরা অংশে এসে প্রাইভেটকারে গুলি করে। গুলিতে সামনের সিটে বসা চালকসহ দুজন গুলিবিদ্ধ হন।