সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহাসড়কে বিকল হয়ে পড়া একটি নসিমনকে যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ নং ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। 

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগড়া গ্রামের ভোজ্যতেল ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে মনিরুল শাহ, মোজা শাহ'র ছেলে কলেজ শিক্ষার্থী শাকিল শাহ (২০) ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে নসিমনচালক আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান জানান, তিনজন  হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে নাটোরের গুরুদাসপুরে ফিরছিলেন। তাড়াশে হামকুড়িয়া এলাকায় মহাসড়কের ৮ নং ব্রিজের কাছে নসিমনটি বিকল হয়ে পড়ে। সেখানে চালক নসিমনটি মেরামতের কাজ করছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন নসিমনের দুই যাত্রী। রাজশাহী থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নসিমনটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক ও দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।