সরকারি নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা বালুর মাঠে স্থানীয় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া মোল্লা তার নিজের জমিতে ঈদ আনন্দ মেলার আয়োজন করেছেন। ঈদ উপলক্ষে আয়োজন করা মেলাটি ঈদের পরদিন থেকে শুরু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
জানা যায়, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার বালুর মাঠটি স্থানীয় কাউন্সিলর জাকারিয়া মোল্লার। তিনি এ জমিতে ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মে থেকে ১৫ দিনব্যাপী স্থানীয় প্রশাসনকে ম্যানেজ ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ঈদ আনন্দ মেলার আয়োজন করেন। পণ্যসামগ্রী নিয়ে দোকানপাট বসান দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। প্রতিদিন বিকাল হলেই মেলায় হাজারো দর্শনার্থী ভিড় জমান। দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই।
এ ব্যাপারে কাউন্সিলর জাকারিয়া মোল্লার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নূসরাত জাহান বলেন, কাউন্সিলরের উদ্যোগে মেলা বসানোর বিষয়ে আমার জানা নেই। সরেজমিনে গিয়ে মেলা বন্ধের ব্যবস্থা করব।










