সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মেস থেকে তাওহীদুল আলম প্রত্যয় নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালান প্রত্যয়। তবে পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়ায় তিনি সফল হননি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যয় সবসময় বিষণ্নতায় ভুগতেন। বিষণ্নতা কাটাতে তাকে কাউন্সিলিংও করিয়েছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ।
তাওহীদুল আলম প্রত্যয় শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল দুপুর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে প্রত্যয়ের মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে সিলেটে আসেন তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যয়ের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, তাওহীদুল আলম প্রত্যয় এর আগে আরো দুবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে যাওয়ায় তিনি সফল হননি।
তিনি বলেন, প্রত্যয়ের মরদেহ মেসে নিজের কক্ষের জানালায় ঝুলে আছে দেখতে পেয়ে শাকিল নামের এক যুবক জরুরি সেবা নাম্বার ‘৯৯৯’-এ কল করেন। পরে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন এলে বলা যাবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, প্রত্যয় সবসময় বিষণ্নতায় ভুগতেন। তার বিষণ্নতা কাটাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাউন্সিলিংও করানো হয়েছিল।










