নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক ব্যবসায়ীর দুটি দোকান ভাংচুর করে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের বিরুদ্ধে তালতলা এলাকায় এ দোকান ভাংচুর ও দখলের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে মো. শফিক মিয়া বাদী হয়ে গতকাল সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, তালতলা বাজারে সোনা মিয়া নামের এক ব্যবসায়ী ব্রাহ্মণবাওগাঁ মৌজায় বাংলাদেশ রেলওয়ে থেকে ২ শতাংশ জমি লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করে দীর্ঘ ২৬ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ওই দোকানের জায়গা ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় রোববার রাত সাড়ে ১১টার দিকে সামসুল আলমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দোকানে গিয়ে ভাংচুর চালিয়ে দখল করে নেয়।

ব্যবসায়ী সোনা মিয়ার অভিযোগ, তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্ত সামসুল আলম জানান, পাশের জায়গা তার নামে লিজ নেয়া রয়েছে। লিজ দেয়া জায়গায় এ দোকান থাকায় ভেঙে দিয়েছি।  সোনারগাঁ  থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দোকান ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।