ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনের ঘটনায় তিন সন্তান ও স্বামীর পর এবার মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ রেখা (৩২)।গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেখার মৃত্যু হয়।
নিহতের চাচা শরীফুল ইসলাম আজ মঙ্গলবার রেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের ৫ সদস্যের কেউই আর বেঁচে রইলনা। এভাবে একের পর এক মারা গেলেন পরিবারের সবাই। এ নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।
গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় আগুনের ঘটনা ঘটে। এসময় নিহত মকবুল হোসেনের ছেলে জুবায়ের অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন ও তার স্ত্রী রেখা বেগম এবং তাদের আরেক ছেলে জয় ও ভবনের বাসিন্দা জামিয়া রহমানসহ ১০ দগ্ধ হয়েছেন। তারা মুমুর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ও ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকালে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মকবুল হোসেন।
এরপর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের বড় ছেলে জয় মৃত্যুবরণ করেন।পরে মকবুলের স্ত্রী রেখার গর্ভে থাকা সন্তান মৃত্যুবরণ করেন। সর্বশেষ সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের পরিবারের বেঁচে থাকা তার স্ত্রী রেখাও সোমবার রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রেখাও মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য যে, উপজেলার চরচারতলা ইউনিয়নের শরীয়তনগর এলাকায় স্থানীয় মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নিচতলার ভাড়া থাকতেন মকবুল হোসেন ও তার পরিবার। গত মাসের ২২ তারিখ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মকবুলের বাসায় আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝার উঠার মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়। এসময় সবাই অগ্নিদগ্ধ হয়েছিল।










