সহজে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ, সবাইকে সমান সুবিধা দেয়া ও একটি স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) ও ভিসা বাংলাদেশ। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশে ইউএসএইড মিশন পরিচালক রিড এশলিম্যান এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য ভিসা কান্ট্রি ম্যানেজার মো. সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ভিসা বাংলাদেশ জানিয়েছে, বেশকিছু খাতে একসঙ্গে কাজ করবে ইউএসএইড ও ভিসা বাংলাদেশ। যার মাঝে রয়েছে ইউএসএইডের গবাদিপশু এবং কৃষিসংক্রান্ত কার্যক্রমে ভিসার পণ্য ও সেবার ব্যবহার, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অর্থায়নের ব্যবস্থা এবং উদ্যোক্তাদের আর্থিক বিষয়ে প্রশিক্ষণ। এছাড়া কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাঠামো গঠন ও তাদের সহায়তায় একত্রে কাজ করবে ইউএসএইড ও ভিসা বাংলাদেশ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রিড এশলিম্যান বলেন, ‘সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ।’
ইউএসএইডের সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে মো. সাব্বির আহমেদ জানান, এর লক্ষ্য হলো আমাদের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ক্ষমতায়ন। —বিজ্ঞপ্তি










