রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা চেতনা জাগিয়ে তুলতে একটি উদ্যোগ নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘চিন্তার চাষ’ নামক সংস্থার উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে।
কর্মশালায় গবেষণা কী, গবেষণার গুরুত্ব, গবেষণার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও গবেষণার বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদেরকে তাদের আগ্রহের বিষয় নিয়ে গবেষণা করার জন্য উৎসাহিত করা হয়।আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে গবেষণা পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত সেশন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের গবেষণা করে একটি গবেষণাপত্র তৈরি করবে।
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবে। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল অন্যদের সাথে শেয়ার করার সুযোগ পাবে।
কর্মশালাটির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যাতে গবেষণা করে তা গবেষণাপত্র আকারে উপস্থাপন করতে পারে। আর এই সম্পূর্ণ আয়োজনের গণমাধ্যম সহযোগী হিসেবে কাজ করেছে বণিক বার্তা।

কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরা এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান, গবেষণা পরিচালক মো. জহির উদ্দিন ও পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেন্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক স্বপন কুমার মিস্ত্রি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক সংগঠনটির সমন্বয়ক ফারিয়া আনজুম, নিশাত তাসনিম, সুরাইয়া ইয়াসমিন সুম্মা, তাওহিদা ইয়াসমিন তাসনিম, ফাতেমা তুজ জহুরা ও মনিরা মেহজাবীন ইভা। —বিজ্ঞপ্তি










