অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল আর্থিক সেবার অপব্যবহার প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ সমন্বয় কর্মশালা আয়োজন করা হয়। প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে অপরাধী চক্র শনাক্ত ও তাদের আইনের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এ কর্মশালাগুলোতে।
সম্প্রতি পিবিআই নাটোর ও জেলা পুলিশ নওগাঁর নিজ নিজ সম্মেলন কক্ষে এবং দিনাজপুর পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক পৃথক তিনটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করে বিকাশ। এ কর্মশালায় জেলা পুলিশ ও পিবিআইয়ের ১৪০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিকাশের নিয়মিত এ আয়োজনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ হাজার ৫০০ তদন্ত কর্মকর্তা অংশ নিয়েছেন।
বিভিন্ন জেলায় অনুষ্ঠিত কর্মশালায় পিবিআই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষ থেকে কর্মশালাগুলোতে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) একেএম মনিরুল করিম।
প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায় এবং তদন্তের প্রয়োজনে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে কীভাবে তদন্ত কর্মকর্তারা সহজেই যোগাযোগ করতে পারেন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালাগুলোতে। এছাড়া কোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়াকালীন তৎক্ষণাৎ কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে, তা নিয়েও এ কর্মশালাগুলোতে আলোকপাত করা হয়।










