ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। গত বুধবার রাতে নির্বাচন বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। নতুন তারিখ নির্ধারণে শনিবার প্রার্থীদের নিয়ে আবারো বৈঠবে বসবে নির্বাচন বোর্ড।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচন বোর্ডের জরুরি সভায় অংশ নেন এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মো. বখতিয়ার এবং বিএনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কারফিউ জারি থাকায় নতুন তারিখ নির্ধারণের জন্য শনিবার ই-ক্যাব অফিসে প্রার্থীদের নিয়ে আমরা বৈঠক করব। সেখানে নতুন তারিখ নির্ধারণ হতে পারে।
ই-ক্যাব নির্বাচনে এবার ১১ পরিচালক পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ভোট দেবেন ১৩ হাজার ৬৪ জন ভোটার। ই-ক্যাবের বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ হাজার ৬৪।










