ভুয়া তথ্য ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। সোমবার (২১ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমজিআই জানায়, কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করে গ্রুপের সুনাম ক্ষুণ্ন করতে চাচ্ছে। বিবৃতিতে বলা হয়, এমজিআই সবসময় দেশের প্রচলিত আইন, নীতিমালা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে। এছাড়াও নিয়মিত ও নিরপেক্ষভাবে তাদের অডিট সম্পন্ন করে।নিরপেক্ষ তদন্ত হলে আমাদের বিরুদ্ধে কোন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যাবে না।

এমজিআই দাবি করেছে, যেকোনো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত—তা দেশীয় হোক বা আন্তর্জাতিক, তাদের অনিয়মহীন কার্যক্রমের প্রমাণ দেবে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতার জন্যই তারা বিশ্বব্যাংক (World Bank), আইএফসি (IFC), ডিইজি (DEG), আইডিবি (IDB), এডিবি (ADB), এফএমও (FMO), এইচএসবিসি (HSBC), সাইনোশিওর (Sinosure) ও অন্যান্য উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক অর্থায়নের চুক্তি করেছে। এসব প্রতিষ্ঠান সর্বদা সর্বোচ্চ স্বচ্ছতা, নৈতিকতা এবং আইন অনুশাসনের ক্ষেত্রে কঠোর থাকে, যা এমজিআই-ও সবসময়ই সুনির্দিষ্টভাবে মেনে চলে।

এমজিআই মনে করে, কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ধরনের প্রচারণার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি শিল্পগোষ্ঠীকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বিবৃতিতে তারা সব স্টেকহোল্ডার, বিশেষ করে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গুজব বা অনুমানের ভিত্তিতে নয়। বরং সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই প্রতিবেদন প্রকাশ করা উচিত।—বিজ্ঞপ্তি