পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। গতকাল সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ২০১৯ সালের ১৪ জুন পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথমবারের মতো স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের ধারা ৫০(১) অনুসারে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরে ১৫ দিন পরপর এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। পাঁচ বছর পর গত ১০ মার্চ ‘জেড’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএলএফএসএল। তথ্যানুসারে, ২০২১ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়।
২০২০ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১০১ টাকা ২৪ পয়সায়। ২০১৯ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সায়।
গত বছরের ডিসেম্বরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌসকে।
২০০৫ সালে তালিকাভুক্ত পিপলস লিজিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৮৫ কোটি টাকা ৪৪ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬০ লাখ টাকায়। মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭। এর মধ্যে ১৮ দশমিক ১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ৮ দশমিক ৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ১৯ শতাংশ বিদেশী ও ৭৩ দশমিক ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










