চলমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ ও অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনায় যারা শহীদ হয়েছেন এফবিসিসিআই তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাপ্লাই চেইন, আমদানি-রফতানিসহ দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়া হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে তা অর্থনৈতিক ক্ষেত্রে আরো ক্ষতিসাধন করবে।
এ পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে শিল্প-কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমকে পূর্ণোদ্যমে সচল রাখা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নের লক্ষ্যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।
অর্থনীতি পুনরুদ্ধার ও জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআইসহ সব বাণিজ্য সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। এফবিসিসিআই আশা করছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় অর্থনীতি আগের ধারায় ফিরে আসবে।










